কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জন পেলেন চিকিৎসাসেবা ও ওষুধ
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:-কক্সবাজারের কুতুবদিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে কুতুবদিয়া থানার পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পেইনে মোট ৬৩৭ জন অসহায়, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।কোস্ট গার্ড সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত