টেকনাফ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ১১ লাখ টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
টেকনাফ প্রতিনিধি | আবু মুসা: কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে জমি রেজিস্ট্রি শেষে বের হওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে নগদ ১১ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই এবং মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ এবং পরবর্তীতে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা জিয়াবুল হক মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি সম্পন্ন করে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল ব্যক্তি তার পথরোধ করে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা প্রথমে তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা জমি বিক্রি ও দোকান ক্রয়ের জন্য বহন করা নগদ ১১ লাখ টাকা এবং একটি ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় থানায় অভিযোগ বা মামলা করলে প্রাণনাশ ও লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহত জিয়াবুল হককে উদ্ধার করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তিনি টেকনাফ মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত আব্দুল জব্বারসহ আরও কয়েকজন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভুক্তভোগী জিয়াবুল হক বলেন, “বিএনপি থেকে বহিষ্কৃত আব্দুল জব্বারের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল আমার ওপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “টেকনাফ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ছিনতাই ও মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।”
উল্লেখ্য, এই প্রতিবেদনটি ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
মতামত