টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৩
এস কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধি:- টেকনাফ, ৯ জুন: কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরিচালিত বিশেষ অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ৯ জুন সকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল জিন্নাখাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে মিয়ানমারের দিক থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির টহল দল নৌকাটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
তারা হলেন— মো. জাহাঙ্গীর আলম ১৯, আ. হোসেন ৩৫ এবং মো. সোয়াইব ১৮। তাদের সকলের বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং দক্ষিণ নয়াপাড়া এলাকায়। এছাড়া ঘটনায় জড়িত আশাদুল ২৫ নামে একজনকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বাড়িও একই এলাকায়। বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত ইঞ্জিনচালিত নৌকার মোট সিজার মূল্য প্রায় ৩ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সকল ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।” আটককৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত নৌকার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত