টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি সোমবার রাত ২টার দিকে চালানো হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকার থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত