নবাবগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
মোঃ সুমন রহমান স্বজন দিনাজপুর জেলা প্রতিনিধি:-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থল ও প্রশাসন সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল চালক বেসরকারি প্রতিষ্ঠান ‘এনজয়’-এ কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে বগুড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। পথিমধ্যে নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা পরিচয়পত্রের ভিত্তিতে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রুবেল সরদার বলে জানা গেছে। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকচালক সংঘর্ষ এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। মোটরসাইকেল চালককে বাঁচাতে ট্রাক নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এদিকে, আকস্মিক এ দুর্ঘটনায় নিহত রুবেল সরদারের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
মতামত