পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যাচেষ্টা ! চকরিয়ায় স্বামীর নির্যাতনে ক্ষোভ
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন): কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে দীর্ঘ ২৫ বছরের সংসার জীবনের সঙ্গিনীকে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী আবদুল মালেক প্রকাশ মালেক ড্রাইভারের বিরুদ্ধে । এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে ।
ভিকটিম দিলনূর বেগম (৪৫) চার সন্তানের জননী । তাঁর প্রথম ছেলে মারা গেছেন । বর্তমানে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন, মেয়ে মোবারকা জান্নাত (১৮), মেয়ে মোশারফা জান্নাত (১৭) এবং পঞ্চম শ্রেণির ছাত্র ছেলে মোঃ আবদুল্লাহ (১১) ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত ৩ জুন বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাহ্ ওমর মোস্তাক মিয়া নগরে এ ঘটনা ঘটে । অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত মালেক ড্রাইভার স্ত্রী দিলনূরের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন । ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে সন্তানদের চট্টগ্রামে ভাইয়ের বাসায় পাঠিয়ে দিয়ে ঘরে একা পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে বেদম মারধর করেন । এক পর্যায়ে ধারালো দা দিয়ে হত্যার চেষ্টা চালানো হলে দিলনূরের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন ।
স্থানীয় বাসিন্দা জয়নাল জানান, মালেক ড্রাইভার দীর্ঘদিন ধরে স্ত্রীর ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে । বিষয়টি নিয়ে এলাকাবাসী আতঙ্কে রয়েছে । দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।
নির্যাতনের শিকার দিলনূর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামীর নির্মম নির্যাতন থেকে বাঁচতে চাই । পরকীয়ায় আসক্ত আমার স্বামী মালেক ড্রাইভারের দৃষ্টান্তমূলক বিচার চাই ।
এ ঘটনায় নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সচেতন মহলে । স্থানীয়দের দাবি, এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হবে ।
মতামত