রেনেসাঁ ফাউন্ডেশন-এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোহাম্মদ আসিফ ইকবাল ,রানীশংকৈল উপজেলা প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২০২৪ সালে একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে "রেনেসাঁ ফাউন্ডেশন" প্রতিষ্ঠিত হয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর এক লক্ষ্য নিয়ে একদল তরুণ সমাজসেবীর উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি কর্যে হাসানাহ্ (সূদহীন ঋণ) প্রদান , শিক্ষা সহায়তা, সচেতনতামূলক কার্যক্রম, রক্তদান, অসহায় মানুষের সহযোগিতা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকত ভরনিয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন রেনেসাঁ ফাউন্ডেশন-এর উদ্যোগে দিনব্যাপী “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা–২০২৬” এবং “ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, গবাদি প্রাণির কৃমিনাশক বিতরণ ও টিকা প্রদান কর্মসূচী–২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ, খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
শুক্রবার বিকেল ৪ টায় প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, আধুনিক দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, নৈতিকতা ও কর্মজীবন পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, বর্তমান যুগে শুধু সনদ নয়, দক্ষতা, মানবিকতা ও নেতৃত্বগুণ একজন শিক্ষার্থীকে সফলতার পথে এগিয়ে নেয়।
পরে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় খামারি ও পশুপালকদের জন্য ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এসময় গবাদি প্রাণির বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ, কৃমিনাশক ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়।
স্থানীয় খামারিরা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ পশুপালকদের জন্য অত্যন্ত উপকারী এবং প্রাণিসম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি রেনেসাঁ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সুমন এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরনিয়া হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক, সাদাত ক্যাডেট কোচিং এর পরিচালক আমিনুর হক ও মেডিকেল - বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী সহ রেনেসাঁ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ।
“মানুষের জন্য, মানুষের পাশে” এই স্লোগানকে ধারণ করে রেনেসাঁ ফাউন্ডেশন মানবিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায় মানুষদের আর্থিক স্ব-নির্ভরতা অর্জনে সহায়তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
মতামত