ফুলবাড়ীতে দেহ ব্যবসার অভিযোগে ৭ জনের কারাদণ্ড
মোঃ সুমন রহমান স্বজন,দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ ব্যবসার অভিযোগে ৪ নারী ও ৩ পুরুষকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কাটাবাড়ী বাংলা স্কুলের উত্তর পাশে অবস্থিত “বন্ধন ভিলা” নামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ফুলবাড়ী থানার এসআই বুলু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেহ ব্যবসার অভিযোগে ৭ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১/ মোছা. রুপা বেগম (৩৬), ৬ মাস,
দিনাজপুরের চাউলিয়াপট্টি এলাকার জহির উদ্দিনের মেয়ে
২/ শেখ হিরন শাহ (৪৫), ৬ মাস,
দিনাজপুরের গণেশতলা এলাকার
৩/ মোছা. মুন্নি (২১), ৪ মাস,
বিরামপুর উপজেলার শান্তিনগর এলাকার রাশেদের স্ত্রী
৪/ মোছাঃ শিউলী আক্তার, ২ মাস,
দিনাজপুর সদর উপজেলার রামগড় কালিতলা এলাকার রফিকুল ইসলামের মেয়ে
৫/ আব্দুল কাইয়ুম (৩৯),
দেড় মাস,
নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে
৬/ মশিউর রহমান (৩৮), দেড় মাস,
পার্বতীপুর উপজেলার পাতরাপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে
৭/ চম্পা (২২), ১ মাসের
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন।
আটকের সময় স্থানীয় এলাকাবাসী ও অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিক ও পুলিশের কাছে দাবি করেন, বাড়িটির মালিক রফিকুল ইসলাম টিটো এবং তার স্ত্রী নুপুর ওরফে নিশি দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করতেন। তবে অভিযানের সময় তারা পলাতক ছিলেন।
ফুলবাড়ী থানার এসআই বুলু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪ জন নারী, ২ জন খদ্দের এবং একজন ভাড়াটিয়াসহ মোট ৭ জনকে আটক করা হয়। এ সময় বাড়ি থেকে পতিতাবৃত্তির বিভিন্ন উপকরণ, ইয়াবা এবং মাদক সেবনের আলামত উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, আবাসিক ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
মতামত