নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নামে ঈদগাঁওতে পোস্টারিংঃ ফ্যাসিবাদ বিরোধীদের কড়া প্রতিক্রিয়া
কক্সবাজার প্রতিনিধি:সরকারি আইনে নিষিদ্ধ ঘোষণা করা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঈদগাঁও উপজেলার নেতা পরিচয়ে বাজার ব্যাপী পোস্টার লাগানো হয়েছে।
সম্প্রতি বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও দৃশ্যমান স্থানে এসব পোস্টার দেখতে পাওয়া যায়। ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে পোস্টার গুলো সাঁটানো হয়েছে। মোঃ সাইফুল ইসলাম শাকিল নামক এক যুবকের বড় ছবি সম্বলিত এ পোস্টার এখন শুভা পাচ্ছে যত্রতত্র। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আচমকা উপজেলা ছাত্রলীগ নেতা পরিচয়দাতা এ যুবক কিভাবে বাজারের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে তা নিয়ে ফ্যাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত এ ছাত্র সংগঠনের নামে হঠাৎ করে পোস্টার লাগানোকে অশনি সংকেত বলে মনে করছেন অনেকে। এলাকার বিদ্যমান পরিস্থিতি অস্থিতিশীল করতে বড় বড় নেতাদের ইশারায় কি অপরিচিত এ যুবকটি এমন অপকর্ম শুরু করেছো তা নিয়ে চলছে নানা জল্পনা- কল্পনা। নাকি পরিকল্পিতভাবে তাকে এ কাজে নামানো হয়েছে, যা নিয়েও চলছে আলোচনা- সমালোচনা। এদিকে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী স্থানীয় বিভিন্ন পক্ষ। তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ জানান, এ বিষয়ে অবশ্য আইনগত পদক্ষেপ নিতে হবে। যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ সেহেতু তাদের কোন অ্যাক্টিভিটির এপ্লাই হোক তা জনগণ চান না। কেউই চান না। তাই এ সংগঠনের নামে কোন কিছু প্রচার করলেই তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলার আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী গণমাধ্যমকে বলেন, প্রশাসনের ডাকের ডগায় এমন অপকর্ম মেনে নেয়া হবে না। এ ব্যাপারে বর্তমান সরকারি দলকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমরা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেব। সরকারের ইশারায় হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। প্রশাসন দেখেও না দেখার ভান করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা কমিটির সভাপতি মাওলানা শামসুল হক আজিজী জানান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নামধারী দেশদ্রোহীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। তারা দেশের ক্ষতি সাধনকারী। গণহত্যার সাথে জড়িত। হাজার হাজার ছাত্র জনতাকে তারা পিষিয়ে মেরেছে। তাদের আস্ফালন কখনো সহ্য করা হবে না। তবে অন্যান্যদের রাজনৈতিক এক্টিভিটি পরিচালনায় কোন অসুবিধা নেই। তিনি প্রচলিত আইনে এ বিষয়ে ব্যবস্থা নিতে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, ঈদগাঁওর কৃতি সন্তান মাওলানা জুনায়েদ মাহমুদ শাহেদ বলেন, আমরা বেআইনি কোন কাজকে সমর্থন করি না। যারাই আইন ভঙ্গ করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোন কার্যক্রম এখানে চলতে দেয়া হবে না। যারা এর সাথে জড়িত হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ঈদগাঁও উপজেলার আহ্বায়ক হাফেজ মাওলানা নুরুল আবছার অপরাধীর শাস্তি দাবী করে সংবাদ মাধ্যমকে জানান, ওইসব দুষ্কৃতিকারীরা জাতির কাছে চিহ্নিত। তাদের কার্যক্রম যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ আছে, তাই নিন্দনীয় কোন কিছু জাতি কামনা করেন না। তাদের কার্যক্রম জনসম্মুখে ওপেন হোক তা কেউ চান না।
শত শত জুলাই শহীদ এজন্যই কি রক্ত দিয়েছেন?
খেলাফত মজলিশ ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইমরান উদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নামে পোস্টার লাগানো জঘন্যতম অপরাধ। এমন ধৃষ্টতা মেনে নেয়া যায় না। এটাকে অবশ্যই অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
জাতীয়তাবাদী যুবদল ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব বেলাল উদ্দিন বেলাল সংবাদ প্রতিনিধিকে জানান, গুপ্ত সংগঠনের এমন কোন কিছু করার কোন এখতিয়ার নেই। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত অপতৎপরতা। কোন সংগঠনের নিবন্ধন বা রেজিস্ট্রেশন না থাকলে সে সংগঠনের নামে যে কোন কার্যক্রম পরিচালনা আইন পরিপন্থী হিসেবে গণ্য হবে। তাই এ বিষয়ে আইন প্রয়োগ প্রয়োগকারি সংস্থাকে বিহিত ব্যবস্থা নিতে হবে। আমরাও বিষয়টির ব্যাপারে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলব।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি এম, আব্দুল্লাহ জানান,নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঈদগাঁও বাজারে পোস্টার লাগানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির একটি সু-শৃঙ্খল ছাত্রসংগঠন। আমরা দেশের আইনকে সবসময় সম্মান ও শ্রদ্ধা করি। তারই প্রেক্ষিতে দেশের আইন ও প্রশাসনের প্রতি অনুরোধ করবো যে, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে তাদের দলের নামে পোস্টার লাগায়? বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলার মুখ্য সংগঠক ফারুক মোহাম্মদ নওশাদ বলেন, ফ্যাসিবাদী শক্তি মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে যে কোন উপায়ে তাদেরকে দমন করা হবে। নিষিদ্ধ কোন সংগঠনের কার্যক্রম আমরা মেনে নেব না। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে।
এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার সরকারি কলেজ শাখার আহবায়ক, ঈদগাঁওর ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রুবায়েত এম, আদেল মিডিয়া কর্মীদের বলেন,
নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর বিষয়টি উদ্বেগজনক। এটি প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা।
এটি প্রশাসনের গাফলতির কারনে সম্ভব হচ্ছে। ১৪০০ শহীদ ও ২০ হাজারের অধিক আহতদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে এদের কোন ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার নাই। এরা বাংলাদেশের জনগণের শত্রু, সার্বভৌমত্বের শত্রু। এদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলের দায়িত্ব।
গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, গোমাতলীর ছাত্রনেতা মোঃ আরিফুল ইসলাম এ বিষয়ে সরকারি ও বিরোধীদলকে ভূমিকা রাখার আহ্বান জানান।সংবাদ মাধ্যমকে বলেন, কোন নিষিদ্ধ সংগঠন কার্যক্রম চালালে আইনীভাবে সেটা প্রতিহত করতে হবে। কেউ আদেশ সামান্য করলে আইন-শৃঙ্খলা বাহিনীকে তার বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে। আইন অমান্য করে সামনে আসাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কেউ আইন বহির্ভূত কোন কাজ করতে পারবে না এটাই আমাদের দাবি। তিনি এ ব্যাপারে বড় দু'টি দলের ভূমিকা প্রত্যাশা করেছেন।
জাতীয়তাবাদী ছাত্রদল ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার সাবেক যুগ্ন আহবায়ক সাজ্জাদুল হক প্রতিক্রিয়ায় বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের বেআইনি কোন তৎপরতা আমরা মেনে নেব না। তিনি প্রশাসনকে এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। অপকর্ম বন্ধ না হলে সচেতন ছাত্রসমাজ বসে থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
মতামত