কর্মরত অবস্থায় এনজিও কর্মচারীর মৃত্যু টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ায় শোকের ছায়া
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার বাসিন্দা ছৈয়দ হোছাইনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের এনজিও এফ-ইউএন এইচসিআর ওয়াশ প্রকল্পে “গার্ড ডব্লিউএইচ” পদে ওয়াশ ওয়্যারহাউসে দায়িত্ব পালন করতেন।
জানা গেছে, শনিবার ২৩ মে ২০২৬ ইং তারিখে আনুমানিক রাত ২ ঘটিকার সময় কর্মরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়।
মরহুম ছৈয়দ হোছাইন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর আইডি নম্বর ছিল ২২১৯০৩১৬৪৪৬১৮। কর্মজীবনে তিনি একজন শান্ত, ভদ্র ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর অকাল মৃত্যুতে পরিবারটি বর্তমানে অসহায় ও দিশেহারা হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে পুরো মোচনী পাড়া এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
এদিকে, মরহুমের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, মানবিক সংগঠন এবং এনজিও ফোরাম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে তাঁর পরিবারের প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ীরা ও এলাকাবাসী।
মতামত