টেকনাফে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ উপজেলা কমিটির উদ্যোগে সাধারণ সভা-২০২৬ ইং রবিবার (১৭ মে) বিকাল ২টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম শক্তিশালীকরণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুরুল হোসেন, সদস্য সচিব, নীতি নির্ধারণী পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ আতিকুর রহমান আজাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা। তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি। তিনি টেকনাফ উপজেলা কমিটির কার্যক্রমের প্রশংসা করে বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল হোসাইন, পরিবেশ সচিব, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংবাদিকদের অধিকার আদায়ে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের পেশাগত সমস্যা, স্থানীয় সাংবাদিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
মতামত