ঢাকা-কুমিল্লা সরাসরি কর্ডলাইন রেলপথ: দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
নিজস্ব প্রতিবেদক :-ঢাকা ও কুমিল্লার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি রেললাইন (কর্ডলাইন) প্রকল্পের কাজ দ্রুততম সময়ে শুরুর লক্ষ্যে আজ রেলপথ মন্ত্রণালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর বিশেষ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বৈঠকে একটি টেকনিক্যাল টিমের পক্ষ থেকে ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইনের নকশা ও কারিগরি দিক তুলে ধরে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বর্তমান রুটটি লাকসাম হয়ে ঘুরে যাওয়ার ফলে যে দীর্ঘ সময়ের অপচয় হয়, প্রস্তাবিত কর্ডলাইনটি চালু হলে তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে ঢাকা ও কুমিল্লার মধ্যে যাতায়াত সময় প্রায় অর্ধেকে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:. শেখ রবিউল আলম, মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়।. হাবিবুর রশিদ হাবিব, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়।. ফাহমিদুল ইসলাম সচিব, রেলপথ মন্ত্রণালয়।. আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-৬।
.মোঃ ইউসুফ আলী মীর পিন্টু, সাধারণ সম্পাদক, ঢাকা-কুমিল্লা-লাকসাম কর্ডলাইন বাস্তবায়ন পরিষদ।এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রকৌশলীরা বৈঠকে অংশ নেন।
রেলপথের আলোচনার পাশাপাশি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন নিয়েও কথা বলেন কর্ডলাইন বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু। তিনি লালমাই উপজেলার বাগমারা বাজার ও শানিচোঁ বাজার অংশের ঝুলে থাকা কাজ দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রী ও সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। ওই এলাকায় বর্তমানে যাতায়াতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে কুমিল্লা-৬ আসনের এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন কেবল কুমিল্লার মানুষের নয়, বরং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতির চিত্র বদলে দেবে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা এই প্রকল্প দ্রুত দৃশ্যমান করতে বদ্ধপরিকর।
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম প্রকল্পটির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম আরও বেগবান করার আশ্বাস প্রদান করেন।
মতামত