টেকনাফের হ্নীলায় ইয়াবা বোঝাই ইজিবাইকসহ মাদক কারবারি আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে ২০২৬) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলার লেদা বাজার এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড এর টেকনাফ স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ কক্সবাজারের খুরুশকুল দক্ষিণ ডেইল পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মোঃ আরাফাত উদ্দিন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত