টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও তাজা গোলা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, তাজা গোলা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সন্দেহভাজন সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১১ মে) রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফ থানাধীন লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি বুলেটপ্রুফ হেলমেট, ১ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
মতামত