দুমকিতে ওষুধ কর্মকর্তার সংবর্ধনার নামে ‘চাঁদা’ আদায়ের অভিযোগ
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-পটুয়াখালীর দুমকি উপজেলায় জেলা ওষুধ প্রশাসনের নবাগত কর্মকর্তার সংবর্ধনার কথা বলে বিভিন্ন ওষুধের দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দোকানভেদে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কয়েকজন নেতা এই অর্থ সংগ্রহের নেপথ্যে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, মজিবুর রহমান টিটু ও হুমায়ুনসহ সমিতির কয়েকজন নেতা সরাসরি দোকানে গিয়ে টাকা দাবি করছেন। তবে হয়রানির ভয়ে অনেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে জেলা ওষুধ প্রশাসনের নবাগত কর্মকর্তা সুমন বিশ্বাস বলেন, "সংবর্ধনা বা টাকা তোলার বিষয়ে আমি কিছুই জানি না। মূলত নতুন কর্মস্থলে যোগদানের পর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মতবিনিময় সভার পরিকল্পনা ছিল মাত্র।"
উল্লেখ্য, এর আগেও জেলা ওষুধ প্রশাসনের এক কর্মকর্তার বিরুদ্ধে সংবর্ধনার নামে একই ধরনের চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তিমূলক বদলি করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ব্যবসায়ীরা।
বার্তা প্রেরকঃ- সাকিব হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
মতামত