কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক রোধে পুলিশের রাতে অভিযান
ষ্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জ জেলা শহরে কিশোরদের মধ্যে বাড়তে থাকা মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় বিশেষ রাত্রীকালীন অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। শহরের বিভিন্ন স্থানে গভীর রাত পর্যন্ত কিশোর ও তরুণদের আড্ডা বাড়তে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।
পুলিশ জানায়, লেকপাড়, পার্ক, নির্জন সড়ক ও অলিগলিতে রাত গভীর হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও তরুণদের জটলা নিয়মিত দেখা যাচ্ছে। এসব আড্ডা থেকে অনেক সময় মাদকাসক্তি, বেপরোয়া চলাফেরা এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিষয়টি উদ্বেগজনক হয়ে ওঠায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়।
গতকাল রাত ৯টার পর পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে টহল জোরদার করে। উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলেও জরুরি কাজ, পড়াশোনা বা চিকিৎসার প্রয়োজনে বাইরে থাকা কাউকে হয়রানি করা হয়নি বলে জানানো হয়েছে।
অভিযানে যেসব শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়, তাদের ক্ষেত্রে কঠোরতার বদলে সচেতনতাকে গুরুত্ব দেওয়া হয়। অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে তাদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়। পরে মুচলেকার মাধ্যমে সবাইকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অনেক অভিভাবক এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন।
অভিযান চলাকালে পুলিশ সুপার শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে বলেন, কিশোর বয়সে সঠিক দিকনির্দেশনা না থাকলে তরুণরা সহজেই ভুল পথে যেতে পারে। তাই পরিবারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এই অভিযান শাস্তিমূলক নয়, বরং সচেতনতা ও অপরাধ প্রতিরোধের অংশ।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া। তাঁর নেতৃত্বে পুলিশের টিমগুলো শহরের বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয়দের মতে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টাই কিশোরদের নিরাপদ ও ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
মতামত