দুর্নীতির অভিযোগে টেকনাফে বিতর্কিত প্রকৌশলী শাস্তি এড়াতে চকরিয়ায় বদলির জোর তদবির!
কাজ না করেই কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ, অগ্রিম অর্থে থমকে আছে একাধিক প্রকল্প
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন):
কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর একাধিক উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনের বিরুদ্ধে । অভিযোগ রয়েছে, কাজ সম্পন্ন না করেই কোটি কোটি টাকার বিল উত্তোলনসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন তিনি । বর্তমানে এসব অভিযোগ থেকে রক্ষা পেতে চকরিয়া উপজেলায় বদলির জন্য জোর তদবির চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।
নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০২৩ সালে সেন্টমার্টিন দ্বীপের বঙ্গবন্ধু সড়কের প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্পে গুরুতর অনিয়ম ঘটে । অভিযোগ অনুযায়ী, নামমাত্র কাজ দেখিয়ে প্রকৃত অগ্রগতি ছাড়াই পুরো বিল পরিশোধ করা হয় । পরবর্তীতে বিষয়টি ধরা পড়লে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিলটি বাতিল করেন ।
এছাড়া শাপলাপুর-টেকনাফ বিডিআর ক্যাম্প সড়কের তিনটি পৃথক প্যাকেজে প্রায় ৬ কোটি টাকা অগ্রিম বিল প্রদান করা হয় বলে অভিযোগ রয়েছে । কাজ শুরুর আগেই ঠিকাদারদের এ বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করায় বর্তমানে প্রকল্পগুলোর কাজ পুরোপুরি স্থবির হয়ে পড়েছে । এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এবং প্রকল্পগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে ।
অভিযোগ রয়েছে, টেকনাফে সংঘটিত এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনা ধামাচাপা দিতে এবং সম্ভাব্য বিভাগীয় ব্যবস্থা এড়াতে ‘উপর মহল’কে প্রভাবিত করার চেষ্টা করছেন প্রকৌশলী আরিফ । চকরিয়ায় বদলি নিশ্চিত করতে ইতোমধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের গুঞ্জনও রয়েছে । এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
সরেজমিনে দেখা গেছে, টেকনাফ ও শাপলাপুর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে । ঠিকাদাররা অগ্রিম অর্থ গ্রহণ করলেও কাজ শেষ করার তাগিদ দেখাচ্ছেন না ও কাজের গুণগত মান নিয়া স্থানীয় জনগণের নানা প্রশ্ন পাওয়া যাবে । ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাজারো সাধারণ মানুষ ।
সংশ্লিষ্টদের মতে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ তদন্ত না করে তাকে সুবিধাজনক স্থানে বদলি করা হলে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে এবং জনআস্থা ক্ষুণ্ণ হবে । তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি । ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি ।
মতামত