কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে সিএনজির যাত্রী মোছাঃ ছেনোয়ারা বেগম (৩০), স্বামী মৃত লাল মিয়া, টেকনাফ উপজেলার ডেইল পাড়া এলাকার বাসিন্দাকে সন্দেহ করা হয়। প্রাথমিকভাবে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে তার শরীরের সাথে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত