চকরিয়ার খুটাখালী বনবিটে গর্জন নিধন : বন কর্মকর্তার যোগসাজশে ‘মাদার ট্রি’ পাচারের অভিযোগে তোলপাড়
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন) কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন চকরিয়ার খুটাখালী বনবিটে সংরক্ষিত বনভূমি থেকে মূল্যবান গর্জন গাছ কাটার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । বনবিট কর্মকর্তা ও স্থানীয় হেডম্যানের বিরুদ্ধে যোগসাজশে বন ধ্বংস ও গাছ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে ।
অভিযোগে জানা যায়, খুটাখালী এলাকার পান্ডাছড়ি অংশে আমির সোলতানের জমির উত্তর পাশে অবস্থিত সংরক্ষিত বনভূমি থেকে প্রায় ৩৫ হাজার টাকার বিনিময়ে ছয়টি "মাদার ট্রি" গর্জন গাছ কেটে পাচার করা হয়েছে । এ কাজে বনবিট কর্মকর্তা নাজমুল ও স্থানীয় হেডম্যান আবুল কালাম সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, হেডম্যান আবুল কালাম দীর্ঘদিন ধরে গোপনে বনজ সম্পদ পাচার ও অবৈধ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, খুটাখালী বনবিটের ক্যশোখোলা এলাকায় প্রায় ২ একর সংরক্ষিত বনভূমি উজাড় করে তা কৃষিজমিতে রূপান্তর করা হয়েছে । সংশ্লিষ্ট জমিটি দয়াল হরির বাড়ির উত্তর পাশে অবস্থিত এবং এ দখল প্রক্রিয়ায় হেডম্যানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে ।
এছাড়া স্থানীয়দের অভিযোগ, ফুলছড়ি রেঞ্জে নতুন দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল কুদ্দুস যোগদানের পর বন ধ্বংসের ঘটনা বেড়েছে । খুটাখালী বনবিট এলাকায় নতুন করে ঘরবাড়ি নির্মাণও বেড়েছে, যেখানে প্রতিটি ঘরের জন্য প্রায় ৫০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে । এই অর্থ বনবিট কর্মকর্তা ও হেডম্যান যৌথভাবে আদায় করছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা ।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি ।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে । তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।
মতামত