কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তি মোহাম্মদ হামিদ (৩৯)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের আব্দুল জব্বরের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়। তবে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ব্লকার ব্যবহার করে সিএনজিটি থামাতে সক্ষম হয়।
পরবর্তীতে সিএনজিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের ভেতর থেকে একটি ৯ মি.মি. পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় চালক মোহাম্মদ হামিদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি এক পরিচিত রোহিঙ্গা ডাকাতের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক, চোরাচালান ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মতামত