দীর্ঘ ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে হাফিজুর রহমান
কুমিল্লা প্রতিনিধি: বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। তাকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে, পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা আদালতের কাছে তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস-ম্যাচ করার অনুমতি চান।
আদালত সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ অতিক্রম করেছে। চারটি ভিন্ন সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা এ মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।
এদিকে, বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, সোহাগী জাহান তনু হত্যা মামলাটি দেশের অন্যতম আলোচিত ও দীর্ঘসূত্রতায় ভোগা একটি মামলা হিসেবে পরিচিত।
মতামত