কক্সবাজারের রামু উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সাড়াশি অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকাল ৪টা ৫ মিনিটের দিকে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের রামু বাইপাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, পহেলা বৈশাখ পরবর্তী ছুটির সুযোগকে কাজে লাগিয়ে একটি মাদকচক্র চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসযোগে কক্সবাজারে বড় চালান নিয়ে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে রামু বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাবের একটি দল।
তল্লাশির এক পর্যায়ে ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৫০) এবং তার স্ত্রী নূর নাহার (৪৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা স্বামী-স্ত্রীর পরিচয় ব্যবহার করে অভিনব কৌশলে মাদক পরিবহন করত।
এ বিষয়ে র্যাব-১৫ এর দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, “মাদক পাচারের রুট বন্ধ করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা সতর্ক রয়েছে। বিশেষ করে উৎসব বা ছুটির সময় আমাদের নজরদারি আরও জোরদার করা হয়।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত আলামতসহ তাদের রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত