চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত, ভবের বাজারে বিক্ষোভ।
মোঃ সুমন রহমান স্বজন,দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজারে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শাহজালাল ইসলাম (নয়ন) জানান, গত রাতে সেলিম, মিন্টু, জসিম ও হাবিবসহ একদল চিহ্নিত চাঁদাবাজ তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বেধড়ক মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে আজ “ভবের বাজারের সকল দোকানদার বৃন্দ”-এর ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থাকায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
ব্যবসায়ীরা পার্বতীপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
মতামত