কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক সিএনজি চালককে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
তিনি জানান, একই দিন আনুমানিক দুপুর ১২টা ৪০ মিনিটে খারাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় সিএনজির ব্যাটারির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো ৪টি মিনি কাট থেকে মোট ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে সিএনজির চালক দিলদার আহমেদ (৪২) কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার পূর্ব মহিষখালীয়াপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, ইয়াবাগুলো খারাংখালী থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সিএনজি এবং আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া বিজিবির অধিনায়ক আরও বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত