জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩
মোঃ আল আমিন স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট:- সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর জাফলং এলাকায় একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন— সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানা কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি কূপের ভেতরে দেশীয় অস্ত্র ফেলে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রথমে সুরমান আহমদকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি চালিয়ে রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে দেশীয় পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় জনসাধারণ ও সংবাদকর্মীদের সহযোগিতায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
মতামত