কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ মাদক চোরাচালান রুটের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত পৌনে ৪টার দিকে র্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। জানা যায়, উত্তর কাঞ্জরপাড়ায় মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে একদল স্বশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মোঃ রাশেদ ওরফে রাসেল (২৫), মোঃ সোহেল উদ্দিন ওরফে লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় রামদা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাব-১৫ কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৮৬০ সালের দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত