রাবার ডেমের পানি ছাড়তেই ধসে গেল ২০০ ফুট সড়ক, বিচ্ছিন্নতার শঙ্কায় ৩ শতাধিক পরিবার
শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
মোঃ আবদুল্লাহ (আল-মামুন) কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালী সড়কের প্রায় ২০০ ফুট অংশ হঠাৎ ধসে খালের মধ্যে বিলীন হয়ে গেছে । শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে হারবাং এলাকার রাবার ডেম থেকে পানি ছাড়ার পরপরই এ ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ধসের ফলে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ৩০০ পরিবারের লোকজন যাতায়াত করেন । পাশাপাশি সড়কের পাশে দুটি মসজিদ ও একটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য মুসল্লি ও শিক্ষার্থী এই পথ ব্যবহার করেন । বর্তমানে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কোমলমতি শিক্ষার্থীদের চলাচল চরম অনিরাপদ হয়ে উঠেছে ।
এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে জানান, আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে অন্তত শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়তে পারে । পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।
স্থানীয় গুণীজনরা বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে ।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জিন্নাত আলী গণমাধ্যমকে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে ।
এদিকে, ভুক্তভোগী এলাকাবাসী সম্ভাব্য বড় ধরনের দুর্যোগ এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।

মতামত