কক্সবাজার, ১০ এপ্রিল ২০২৬:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণের শিকার ৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫)। এসময় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অবস্থানকালে একটি আভিযানিক দল জানতে পারে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা কয়েকজন রোহিঙ্গা পুরুষকে অপহরণ করে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজার সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশা থামানো হলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নেয়ামত উল্লাহ (২৯) ও শাহ আলম (৩৭)। তারা উভয়েই টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে একজন জানান, তাকে একইদিন দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্প এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে মারধর করে পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অন্য ভিকটিমদের কাছ থেকেও জানা যায়, তাদের বিভিন্ন স্থান থেকে জোরপূর্বক তুলে এনে পাচারের জন্য জড়ো করা হয়। প্রতিজনের পরিবারের কাছে ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে মালয়েশিয়া পাচারের হুমকি দেওয়া হয়। এসময় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ভিকটিমদের আইনগত সহায়তার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মতামত