কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর একটি নির্দিষ্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি নৌযান তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজন পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মতামত