কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে অভিযান চালিয়ে মাছ বোঝাই একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) টেকনাফের শীলখালী বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি মাছবাহী গাড়িতে তল্লাশি চালানো হলে সেখান থেকে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার চালানটি টেকনাফ পৌর শহরের লামার বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় আটককৃতরা হলেন— টেকনাফ পৌরসভার নাইটং পাড়ার গাড়িচালক ফিরোজ এবং তার সহযোগী (হেলপার) ফয়সাল। তারা টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত