কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত তিনটি পৃথক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন জীম্বংখালী বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়। একই দিনে হোয়াইক্যং বিওপি’র টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া হ্নীলা বিওপি’র টহল দল পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনটি অভিযানে সর্বমোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।
এছাড়াও, গত এক মাসে ৬৪ বিজিবি মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান জোরদার করে হোয়াইক্যং ও পালংখালী এলাকা থেকে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ করেছে এবং ৬ জন আসামিকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়ায় নিকটস্থ থানায় হস্তান্তর করেছে।
বিজিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মতামত