চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি ও সরঞ্জামসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক বহিনোঙ্গর এলাকা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও, উদ্ধারকৃত বোটটি ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও সফল অভিযানের ফলে এই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত