রামুতে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজার, ৩১ মার্চ ২০২৬:
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে রামু থানার পাইন বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাবিলদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অংশ নেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মতামত