লক্ষ্মীপুরে ইয়াবা, বিদেশি মদ ও অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও একটি দেশীয় তৈরি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর লামছি এলাকার কালু খাঁর নতুন বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চর লামছি গ্রামের কালু খাঁর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) এবং পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেন শাহীন (৩১)।
অভিযান সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের বাড়ির একটি কক্ষের ওয়ারড্রব থেকে ২০০ পিস ইয়াবা, ৩ বোতল বিদেশি মদ, ১৮০ এমএল পরিমাণের ২০ বোতল হুইস্কি, একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে উল্লেখিত মাদক ও অস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মতামত