সোনারগাঁয়ের জামপুরে জামিয়াতুন নূর আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজের সূচনায় দোয়া মাহফিল
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা-এর জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্রাহ্মণ বাওগাঁ এলাকায় সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে জামিয়াতুন নূর আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। একটি মানবিক ও দ্বীনি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে দোয়া মাহফিলের মাধ্যমে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল ধর্মীয় আবহে ভরপুর। নতুন এই প্রতিষ্ঠানের সফলতা ও কল্যাণ কামনায় সকলেই আন্তরিকভাবে দোয়া করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ টেক্সটাইল চরপাড়ার ব্যবস্থাপনা পরিচালক অহিদুল ইসলাম।
দোয়া মাহফিলের শেষ পর্বে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নবপ্রতিষ্ঠিত এই মাদ্রাসার সফল অগ্রযাত্রা কামনায় মোনাজাত পরিচালনা করেন লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবু বকর কাসেমী (দাঃ বাঃ)। প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল্লাহ আল মামুন বলেন, এটি একটি সম্পূর্ণ নতুন উদ্যোগ। আমরা চাই, এখানে এতিম ও অসহায় শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয় এবং মানসম্মত দ্বীনি শিক্ষার ব্যবস্থা গড়ে তুলতে। তিনি এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা। তাদের মধ্যে ছিলেন সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহ আলম, সালাউদ্দিন সালু, নুরজাহান আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুল্লাহ, জামপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিন্নাত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন এবং জামপুর ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব মোক্তার হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, এলাকার শিক্ষানুরাগী মোঃ হাবিবুল্লাহ ২০১২ সালে ১২ শতাংশ জমি ওয়াকফ হিসেবে দান করেন। সেই জমির ওপরই গড়ে উঠছে নতুন এই মাদ্রাসা ও এতিমখানা। স্থানীয়দের প্রত্যাশা, এটি ভবিষ্যতে এলাকায় দ্বীনি শিক্ষা ও মানবিক সেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
মতামত