আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: পুরুষশূন্য লাউকুড়া গ্রাম, চরম দুর্ভোগে নারী ও শিশু
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের লাউকুড়া গ্রাম সাম্প্রতিক সহিংস সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা এবং গ্রেপ্তার আতঙ্কে কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রামজুড়ে বিরাজ করছে ভীতিকর নীরবতা। পুরুষদের অনুপস্থিতিতে বৃদ্ধা, গর্ভবতী নারী ও শিশুদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ সকালে পার্শ্ববর্তী হেমন্তগঞ্জ গ্রামের শফিকুল ইসলামের ছেলে সজীবের নেতৃত্বে প্রায় ৪০০–৫০০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লাউকুড়া গ্রামের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সমবেত হয়। অভিযোগ রয়েছে, পরবর্তীতে কাশেম চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর ও বাসিন্দাদের ওপর আক্রমণের নির্দেশ দেওয়া হলে দলটি অতর্কিত হামলা চালায়।
এই হামলায় অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাতজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। একই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এক ব্যক্তির ঘটনাকে হত্যা হিসেবে প্রচার করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে দাবি করা হয়। এ পরিস্থিতিতে গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অধিকাংশ পুরুষ এলাকা ছেড়ে আত্মগোপনে থাকায় নারী ও শিশুরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে এবং এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মৃত্যুর ঘটনাটি সম্পর্কে তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি; ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মতামত