প্রথম কর্মদিবসেই জেলা পরিষদ প্রশাসকের কর্মতৎপরতা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
প্রথম কর্মদিবসেই দায়িত্বশীলতার পরিচয় দিলেন জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া। সকাল ৯টায় জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অফিস কার্যক্রমে অংশ নেন তিনি।
এ সময় প্রশাসক হাজী মোস্তাক মিয়া সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় করেন এবং সুষ্ঠু ও কার্যকর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জেলা পরিষদের আঙিনায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ উদ্যোগের অংশ হিসেবে পরিষদের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করা হয়।
হাজী মোস্তাক মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এজন্য নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও এ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতামত