পাকুন্দিয়ায় অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের নির্দেশনায় এবং পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মধুসূদন সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।
অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাকুন্দিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্তে কাজ চলছে।
জেলা পুলিশ বলছে, সমাজ থেকে মাদক নির্মূল করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।
মতামত