পদুয়ার বাজার বিশ্বরোড দুর্ঘটনা: দায় নির্ধারণে সমন্বিত দৃষ্টিভঙ্গি জরুরি
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। কোনো মৃত্যুই কাম্য নয়। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন যাত্রাপথে সকলকে নিরাপদে রাখেন এবং নিহতদের পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
দুর্ঘটনাটি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, এ ধরনের ঘটনায় এককভাবে রেলওয়েকে দায়ী করা যথাযথ নয়। বরং এটি একটি বহুমাত্রিক সমস্যা, যেখানে সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং চালকদের অসচেতনতা—সবকিছুই জড়িত।
উক্ত লেভেল ক্রসিংয়ের উপর একটি ফ্লাইওভার থাকা সত্ত্বেও দূরপাল্লার অনেক যানবাহন সেটি ব্যবহার না করে নিচের রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। বিশেষ করে নোয়াখালী ও চাঁদপুর দিক থেকে আসা কিছু যানবাহন সময় বাঁচানোর উদ্দেশ্যে সঠিকভাবে ইউ-টার্ন নিয়ে ফ্লাইওভার ব্যবহার না করে উল্টো পথে নিচের অংশকে শর্টকাট হিসেবে ব্যবহার করছে। এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক এবং দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
এক্ষেত্রে স্থানীয় সড়ক ও ট্রাফিক প্রশাসনের দায়িত্বও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যথাযথ নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগের ঘাটতি এ ধরনের অনিয়মকে প্রশ্রয় দিচ্ছে। পাশাপাশি চালকদের মধ্যেও সচেতনতার অভাব পরিলক্ষিত হচ্ছে।
ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে—ফ্লাইওভারের নিচের অংশটি প্রয়োজন হলে বন্ধ করে দেওয়া হোক, যাতে উল্টো পথে যান চলাচল বন্ধ হয়। একই সঙ্গে ফ্লাইওভার ব্যবহারে উৎসাহিত করতে কার্যকর ও সহজগম্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সবশেষে বলা যায়, সড়ক দুর্ঘটনার মতো স্পর্শকাতর বিষয়ে দায় নির্ধারণে একপাক্ষিক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে সমন্বিতভাবে সমস্যার সমাধান খুঁজে বের করাই সময়ের দাবি। রেলওয়ে, সড়ক বিভাগ এবং স্থানীয় প্রশাসন—সকলের সম্মিলিত উদ্যোগেই কেবল নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।
মোঃ মনিরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
মতামত