দিনাজপুরে দিনমজুরের বুদ্ধিমত্তায় রক্ষা পেল শতাধিক প্রাণ
দিনাজপুর, প্রতিনিধি:
মানবিকতা ও উপস্থিত বুদ্ধির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক দিনমজুর। তাঁর তাৎক্ষণিক পদক্ষেপে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক যাত্রী।
সোমবার (ঈদের তৃতীয় দিন) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-বিরামপুর রেলপথের মধ্যবর্তী পূর্ব চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চণ্ডীপুর গ্রামের মৃত ফজলুল হক সোনারের ছেলে এনামুল হক (৬৫) ভোরে কাজের উদ্দেশ্যে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় লাইনের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান।
পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি আশপাশের লোকজনকে ডেকে দ্রুত রেলওয়ে স্টেশনে খবর দেওয়ার জন্য বলেন। একই সঙ্গে কোনো লাল পতাকা না পেয়ে পাশের একটি কলাগাছ থেকে মোচা ছিঁড়ে তার পাপড়ি লাঠির মাথায় বেঁধে অস্থায়ী সংকেত তৈরি করেন। পরে সেই ‘লাল সংকেত’ হাতে নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন।
মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছে পৌঁছে যায়। এনামুল হকের দেওয়া সংকেত দেখে ট্রেনটি নিরাপদ দূরত্বে থেমে যায়। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান কয়েক শ যাত্রী।
এদিকে, এনামুল হকের ডাকে সাড়া দিয়ে স্থানীয় শাহিনুর নামে এক ব্যক্তি পার্বতীপুর রেলওয়ে অফিসে বিষয়টি জানান। পরে প্রায় আধা ঘণ্টার মধ্যে রেলওয়ের প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচলের ব্যবস্থা করে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে।
ফুলবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার শওকত আলী জানান, খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, স্থানীয়দের সচেতনতা ও এনামুল হকের উপস্থিত বুদ্ধির কারণে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পর এনামুল হককে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি কাজের সন্ধানে ফরিদপুরের উদ্দেশে বের হয়ে গেছেন।
উল্লেখ্য, সম্প্রতি একই রেলপথের সান্তাহার এলাকায় একটি ট্রেন দুর্ঘটনায় আন্তনগর নীলসাগর এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ ছিল, যা যাত্রীদের দুর্ভোগ বাড়ায়।
মতামত