জামপুর ইউনিয়নে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী গোলজার প্রধান
মোঃ সজিব মিয়া,নারায়ণগঞ্জ :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী গোলজার প্রধান প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। ঈদের আগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তার এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী জামপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব উপহার বিতরণ করা হয়। সুশৃঙ্খলভাবে উপহার বিতরণের লক্ষ্যে পূর্বেই উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয় এবং স্থানীয়দের সহযোগিতায় তা বাস্তবায়ন করা হয়।
ঈদ উপহারের প্যাকেজে ছিল লুঙ্গি, শাড়ি ও থ্রি-পিসসহ প্রয়োজনীয় পোশাক সামগ্রী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যেখানে অনেক নিম্নআয়ের পরিবারের জন্য ঈদের কেনাকাটা কঠিন হয়ে পড়েছে, সেখানে এই সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বস্তল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও স্থানীয় সচেতন মহল এই উদ্যোগে অংশ নেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হাজী গোলজার প্রধান বলেন,
“ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই আনন্দ-খুশি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই সাধারণ মানুষের মাঝে আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু ঈদের আনন্দই বাড়ায় না, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার চেতনা জাগ্রত করে।
স্থানীয় সচেতন মহলের মতে, হাজী গোলজার প্রধানের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।
হাজী গোলজার প্রধান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। ঈদসহ বিভিন্ন সময়ে তিনি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন, যা তাকে স্থানীয়দের কাছে একজন মানবিক ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে
মতামত