লালমাইয়ে ডাকাতির চেষ্টা: যুবদল নেতার ড্রাইভার আটক, পরে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের রাজসা গ্রামে ডাকাতির চেষ্টার অভিযোগে আলম মিয়া নামে এক ব্যক্তিসহ কয়েকজনকে স্থানীয়রা আটক করেছেন বলে জানা গেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। আটক আলম মিয়া নিজেকে লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর এক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়ার ব্যক্তিগত ড্রাইভার ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
ঘটনার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয়দের উপস্থিতিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে কয়েকজন বাসিন্দা আটক ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গৈয়ারভাঙ্গা বাজার ও আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগ তোলেন।
তবে স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ না করে পরবর্তীতে সংশ্লিষ্ট যুবদল নেতা মধ্যস্থতা করে তাদের ছাড়িয়ে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা ফিরোজ মিয়া ফেসবুক লাইভে এসে দাবি করেন, আটক আলম মিয়া তার সাবেক ড্রাইভার ছিলেন। প্রায় এক মাস আগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রশাসনের বক্তব্য: এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত