পাঁচবিবি পৌরসভায় আব্দুল জলিলের পারিবারিক উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার (৮ রমজান) পাঁচবিবি উপজেলার পৌরসভা এলাকায় আব্দুল জলিলের পারিবারিক উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মসংযম, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায়-নৈতিকতা প্রতিষ্ঠার মাস। ব্যক্তি ও সমাজ জীবনে কুরআন-সুন্নাহর আলোকে চলার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন, ইফতার মাহফিল কেবল আনুষ্ঠানিকতা নয় এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা ও ইসলামী আদর্শ প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি সকলকে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদার করার আহ্বান জানান।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাস্টার, উপজেলা ইউনিট সদস্য মোঃ শফিকুল আলম কলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।
মতামত