রাজধানীর অভিজাত এলাকা গুলশান-এর নিকেতনে এক দুবাই প্রবাসীর ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহাম্মদ আনোয়ারের দাবি, বাসা নং ৯৪-এর ফ্ল্যাট এ-৫ দখলের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ ঘটনায় আবুল কালাম আজাদ, এ কে আহমেদ রাজ ও কাজী কামরুন নাহারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের বিরুদ্ধে গুলশান থানা-য় মামলা দায়ের করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে পরোয়ানা জারির পরও আসামিরা গ্রেপ্তার না হয়ে পুনরায় ফ্ল্যাটে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন আনোয়ার।
ভুক্তভোগীর ভাষ্য, ২০১৫ সালে প্রধান আসামি আবুল কালাম আজাদের কাছ থেকে তিনি ফ্ল্যাটটি ক্রয় করেন এবং সপরিবারে সেখানে বসবাস করতেন। প্রায় আড়াই বছর ধরে চাকরিসূত্রে দুবাইয়ে অবস্থান করায় বর্তমানে ফ্ল্যাটটি অধিকাংশ সময় খালি থাকে। এই সুযোগে আসামিরা একাধিকবার ফ্ল্যাট দখলের চেষ্টা করেছে এবং ভবনের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
আনোয়ার আরও জানান, বুধবার রাতেও আবুল কালাম আজাদ ও এ কে আহমেদ রাজ ফ্ল্যাটে প্রবেশ করে ভেতরের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং লুটপাট চালায়। রিয়েল-টাইম অ্যালার্ট পেয়ে বিষয়টি জানতে পেরে তিনি নিকেতন সোসাইটির দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করেন। নিরাপত্তাকর্মীরা পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। ভিডিও ফুটেজে তাদের ভাঙচুর ও লুটপাটের দৃশ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। একজন প্রবাসী হিসেবে নিজের সম্পত্তির নিরাপত্তা নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেন।
আদালতের আদেশ সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগীর কাছ থেকে ফ্ল্যাট বিক্রির জন্য ৯০ লাখ টাকা গ্রহণ করেন। দলিল সম্পাদনের বিষয়টি অবগত থাকা সত্ত্বেও তারা জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে ফ্ল্যাটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়। আদালত মামলাটি লিপিবদ্ধ করার জন্য গুলশান থানাকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ পলাশ বলেন, ফ্ল্যাটে ভাঙচুরের সাম্প্রতিক ঘটনাটি তার জানা নেই এবং গ্রেপ্তারি পরোয়ানার নোটিশ এখনো হাতে পাননি। নোটিশ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ বিরাজ করছে।
মতামত