বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আপাতত দেশে এলপিজির দাম বাড়ছে না।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু খুচরা বিক্রেতা সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোক্তা পর্যায়ে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা হয়েছে।
তিনি জানান, আমদানিকারক ও সরবরাহকারীরা তাদের ব্যবসা পরিচালনায় যেসব সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলো সমাধানে সরকার উদ্যোগ নেবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি এলপিজির দাম আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। “এই মুহূর্তে এলপিজির দাম বাড়ছে না,”—জোর দিয়ে বলেন তিনি।
মন্ত্রী আরও উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, ফলে কিছু জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর স্টোরেজ সক্ষমতা তুলনামূলক কম হলেও বেসরকারি খাতের যেসব প্রতিষ্ঠানের পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা রয়েছে, তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
সরকারের পক্ষ থেকে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী।
মতামত