কাহারোলে যুবকদের উদ্যোগে ২০০ মিটার রাস্তা নির্মাণ, সেতু নির্মাণের আশায় গ্রামবাসী
দিনাজপুরের কাহারোল উপজেলার ভবানীপুর গ্রামে গ্রামবাসীর শতাধিক যুবকের উদ্যোগে ২০০ মিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভবানীপুর কমিউনিটি ক্লিনিক থেকে মহুগাঁও মহাশ্মশান ঘাট পর্যন্ত এ রাস্তা নির্মাণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্মশানে যাওয়ার একমাত্র পথটি জরাজীর্ণ অবস্থায় ছিল। ফলে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে মরদেহ শ্মশানে নিতে চরম দুর্ভোগ পোহাতে হতো গ্রামবাসীকে। নানা চেষ্টা সত্ত্বেও বিভিন্ন কারণে এতদিন রাস্তাটি নির্মাণ সম্ভব হয়নি।
ভবানীপুর গ্রামের অন্নমনি হরিমন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মিঠুন সরকার বলেন, “এই রাস্তাটি গ্রামের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। বহু বছর ধরে আমরা চেষ্টা করেও এটি করতে পারিনি। আজ গ্রামের যুবকদের সম্মিলিত উদ্যোগে কাজটি সম্পন্ন হয়েছে।”
সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নবনির্বাচিত সাংসদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু মহুগাঁও মহাশ্মশান ঘাটে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে পুনর্ভবা নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। সেতু নির্মাণের জন্য রাস্তাটি অত্যন্ত জরুরি হওয়ায় তাঁর ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নেন।
এলাকার যুবকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় একদিনেই রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হয়। এতে গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
গ্রামবাসীরা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে মহুগাঁও মহাশ্মশান ঘাটে প্রতিশ্রুত সেতুর নির্মাণকাজ শুরু হবে এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
রনজিৎ সরকার রাজ
দিনাজপুর প্রতিনিধি
মতামত