চবি সংলগ্ন বাসায় চুরির চেষ্টা, আটক যুবককে ইফতার শেষে পুলিশের কাছে হস্তান্তর
রমজান মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বাসভবনে চুরির চেষ্টা করতে গিয়ে এক যুবক শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সাব্বির হাসান সাকিন জানান, তাদের এক বন্ধু এক অপরিচিত ব্যক্তিকে একটি ফ্ল্যাটে প্রবেশ করতে দেখেন। সন্দেহ হলে তাকে খুঁজতে গিয়ে ভবনের ছাদে ওই যুবককে পাওয়া যায়। পরে তাকে সেখান থেকে ধরে একটি কক্ষে নিয়ে আসা হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে তাকে মারধরের চেষ্টা করলে অন্যরা বাধা দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আটক যুবকের মাথায় নামাজের টুপি পরিয়ে তাকে কোরআন তেলাওয়াত করতে বলা হয়। শর্ত দেওয়া হয়, নির্ভুল তেলাওয়াত করতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ওই যুবক চুরির উদ্দেশ্যে প্রবেশের কথা স্বীকার করেন।
সাব্বির হাসান সাকিন আরও জানান, তাকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি। ইফতারের সময় তাকে জিলাপি খাওয়ানো হয় এবং শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতে দেওয়া হয়। পরে ইফতার শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে তার মা ঘটনাস্থলে এসে ছেলের মুক্তির জন্য অনুরোধ জানান এবং প্রশাসনের কাছে তাকে ছেড়ে দেওয়ার আবেদন করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ ইসলাম বলেন, নিরাপত্তা দপ্তরের প্রধান ডেপুটি রেজিস্টার আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার মাধ্যমে হাটহাজারী থানার ওসির সঙ্গে কথা বলে অভিযুক্ত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ শিক্ষার্থীদের সংযম ও মানবিক আচরণের প্রশংসা করেছেন, আবার কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মতামত