জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ঘিরে বিক্ষোভ, সাইনবোর্ড খুলে আগুন
জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় পুনরায় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ কার্যক্রম থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে হুঁশিয়ারি দেন।
অন্যদিকে, ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে জুলাই আন্দোলনকারীদের একটি সংগঠন বিকেলে সারমারা বাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড খুলে আগুন দেয় এবং সেটিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করে বিক্ষোভ প্রদর্শন করে।
জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী শহিদুল ইসলাম সানী বলেন, “আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।”
উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও সাইনবোর্ড টানান। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সাইনবোর্ড অপসারণের ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত