বিদেশ থেকে ১৪ বোতল মদ আনতে গিয়ে আটক, রহস্যজনকভাবে ছাড়া পেলেন মেহজাবীন ও সঙ্গীরা
ঢাকা: বিদেশ থেকে অবৈধভাবে অ্যালকোহল বহনের অভিযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ১৪ বোতল মদসহ আটক হন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে আইন অনুযায়ী মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনকভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত ১৭ আগস্ট। ওইদিন ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন চৌধুরী, তার স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।
আইন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন বেআইনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও কাস্টমস আইন-২০২৩ অনুযায়ী লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন ও আমদানি নিষিদ্ধ। সাধারণত এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং আইনানুগ মামলা দায়ের করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, আটক করার পর একটি নোটে উল্লেখ করা হয়—যাত্রীরা কাস্টমস আইন ও যাত্রী ব্যাগেজ বিধিমালা লঙ্ঘন করে আমদানি নিষিদ্ধ অ্যালকোহল বহন করেছেন। পরবর্তী আইনানুগ নিষ্পত্তির জন্য জব্দ পণ্য আটক রাখা হয়েছে। আটককারী কর্মকর্তা হিসেবে ডি শিফটের এয়ারপোর্ট রেভিনিউ অফিসার (এআরও) মো. মোতাকাব্বির আলী স্বাক্ষর করেন। নোটের রশিদ নম্বর—ডিসিএইচ-ডিই-২০২৫০৮১৫২০।
বর্তমানে সিলেটে কর্মরত মো. মোতাকাব্বির আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কোনো বেআইনি ঘটনায় আটক করার পর সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। মেহজাবীনের ক্ষেত্রেও সেটিই করেছি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।”
এদিকে আটককারী দুই প্রটোকল কর্মকর্তা থেকেও কাস্টমস কর্তৃপক্ষ মুচলেকা নিয়েছে। মুচলেকায় তারা উল্লেখ করেন, ডিরেক্টর-২-এর প্রেরিত বার্তা অনুযায়ী তারা প্রটোকল দিতে আসেন এবং গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় কাস্টমস ১৪ বোতল লিকার আটক করে। তবে আটক মালামালের বিষয়ে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তারা।
অভিযোগ রয়েছে, আইন অনুযায়ী মামলা হওয়ার বিধান থাকলেও তা না করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি মেহজাবীন চৌধুরীর কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি বলেও জানা গেছে।
বিষয়টি নিয়ে মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। ফোন কল ও এসএমএসের উত্তর মেলেনি। এক অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করা হলে মেহজাবীন ব্যক্তিগত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনাটি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি এবং কার নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে—সে বিষয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
মতামত