রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে উৎকোচ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ
প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):
রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ আক্কাশ আলী স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নুরুন্নবী সরকারের বিরুদ্ধে উৎকোচ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে টিআর (কাবিখা) কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট ইউপি সদস্য বরাদ্দ পান। অভিযোগে উল্লেখ করা হয়, বরাদ্দের বিপরীতে পিআইও তার নিকট ২০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। কিন্তু দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত কর্মকর্তা তার বাড়িতে পরিদর্শনে যান এবং পুনরায় উৎকোচ দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। এমনকি তাকে মেম্বার পদ থেকে সরিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় মোঃ আক্কাশ আলী নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত পিআইও মোঃ নুরুন্নবী সরকারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
মতামত